খুলনা জেলা কারাগারে আটক সন্ত্রাসীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। শনিবার(১৮ অক্টোবর) বিকেল পৌনে ৫টার দিকে তাদের মধ্যে সংঘর্ষ হয়।
পরবর্তীতে জেলা কারাগারের কর্মকর্তাদের হস্তক্ষেপে বিষয়টির সমাধান হয়। এখন কারাগারের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
কারা সূত্রে জানা যায়, বন্দীদের মধ্যে অনেকে এতটাই বেপরোয়া হয়ে উঠেছেন যে কারা কর্তৃপক্ষের কোনো নির্দেশই তারা মানছেন না। কারাগারে দীর্ঘ দিন ধরে শারীরিক নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ সীমিত থাকায় তাদের মধ্যে বেপরোয়া আচরণ বাড়ছে।
জেল সুপার নাসির উদ্দিন প্রধান জানান, বিকেল পৌনে ৫টার দিকে বাবু, শিমুল ও লাভলু গ্রুপের অনুসারীদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি এবং পরে মারামারি শুরু হয়। আধা ঘণ্টার বেশি সময় ধরে সংঘর্ষের পর কারারক্ষীরা লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে কয়েকজন সামান্য আহত হন।