সিলেটের কানাইঘাটে কাদির এন্টারপ্রাইজের মালিক, কানাডা প্রবাসী ব্যবসায়ী জনাব মোঃ আব্দুল কাদিরের বাড়িতে সশস্ত্র হামলা, লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।
বিগত ২১ সেপ্টেম্বর ২০২৫ রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে একদল চিহ্নিত সন্ত্রাসী ও দুষ্কৃতকারী পূর্ব-পরিকল্পিতভাবে প্রবাসী কাদির এর বসতঘরে জোরপূর্বক অনাধিকার প্রবেশ করে।
প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, হামলাকারীরা ঘরে ঢুকেই অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ফেলে এবং ব্যাপক তাণ্ডব চালায়। একপর্যায়ে সন্ত্রাসী দলটি ঘরের আলমারি ভেঙে ভেতরে থাকা বিপুল পরিমাণ নগদ অর্থ, স্বর্ণালংকার ও মূল্যবান আসবাবপত্র লুট করে নেয়। লুটপাটের মধ্যেই ক্ষান্ত না হয়ে দুষ্কৃতকারীরা আব্দুল কাদিরের বোনকে জোরপূর্বক অপহরণ করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা চালায়।
এ সময় প্রবাসীর ভাই ও বৃদ্ধ বাবা জীবন বাজি রেখে বাধা দিলে সন্ত্রাসীরা তাদের ওপর সশস্ত্র হামলা চালায়, এতে তারা দুজনই মারাত্মক শারীরিক আঘাত পান। আহতদের আর্তচিৎকার ও পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয় আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এলে পরিস্থিতি বেগতিক দেখে হামলাকারীরা দ্রুত সটকে পড়ে।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল এবং এলাকাবাসীরা ক্ষোভ প্রকাশ করেছেন এবং দ্রুত সিলেটের ঊর্ধ্বতন পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হয়।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান ,বিষয়টি তাদের গোচরে এসেছে। এ বিষয়ে তদন্ত করে পরে জানানো হবে।