রাজধানীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
রোববার (১৯ অক্টোবর) রাজধানীর তুরাগ থানাধীন বাউনিয়া এলাকা ও মিরপুর-১১ মেট্রোরেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের একজন হলেন- দস্তগীর ইসলাম সজীব (২৩)। তিনি নাটোরের এন এস সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক। অন্যজন মো. জাহিদ সরকার (৫৫)। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য।
সিটিটিসি সূত্র জানায়, রোববার রাজধানীর তুরাগের বাউনিয়া এলাকায় অভিযান চালিয়ে দস্তগীর ইসলাম সজীবকে গ্রেফতার করা হয়। তিনি নাটোর জেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী ছিলেন। স্বৈরাচারি সরকারের পতনের পর তিনি নাটোর থেকে ঢাকায় এসে আত্মগোপন করেন এবং ঢাকা মহানগরীতে বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিলে অংশগ্রহণ করে জনমনে আতঙ্ক সৃষ্টিতে লিপ্ত ছিলেন।
সিটিটিসি সূত্র আরও জানায়, সজীব মিছিলে অংশগ্রহণ করার আগে ককটেল বানানোর বিভিন্ন উপকরণ সংগ্রহ করে নিজে ককটেল বানাতো এবং ঢাকার বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক ছড়ানোর অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত চলমান ছিল।
সর্বশেষ ১৬ অক্টোবর গুলশান থানাধীন হাতিরঝিল সংলগ্ন পুলিশ প্লাজার সামনে একটি ঝটিকা মিছিলে অংশ নিয়ে ককটেল বিস্ফোরণ ঘটায় সজীব। সেই বিক্ষোভ মিছিল আবার ফেসবুক লাইভে শেয়ার করে। তার বিরুদ্ধে নাটোর সদর থানায় হত্যাসহ পাঁচটি মামলার তথ্য পাওয়া গেছে।
এছাড়া রোববার গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মিরপুর-১১ মেট্রোরেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য মো. জাহিদ সরকারকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় তিনটি মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানায় সিটিটিসি।