বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

বার কাউন্সিলের লিখিত পরীক্ষায় শিক্ষার্থীদের পুনর্মূল্যায়নের সুযোগ

অনলাইন ডেস্ক / ২০ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী হিসেবে তালিকাভুক্তিকরণের লিখিত পরীক্ষায় এবার উত্তীর্ণ হয়েছেন সাত হাজার ৯১৭ জন শিক্ষানবিশ আইনজীবী। যারা ফেল করেছেন তাদের খাতা পুনরায় মূল্যায়নের জন্য আবেদনের সুযোগ দিয়েছে বার কাউন্সিল। এক সপ্তাহ জুড়ে এই সুযোগ পাবেন শিক্ষার্থীরা।

রোববার (২৬ অক্টোবর) এই বিষয়টি নিশ্চিত করেছেন বার কাউন্সিলের তথ্য বিভাগের কর্মকর্তা আব্দুল মজিদ। তিনি বলেন, অকৃতকার্য পরীক্ষার্থীদের রিভিউ-এর সুযোগ থাকছে। আগামী এক সপ্তাহ এই সুযোগ পাবেন ফেল করা শিক্ষার্থীরা।

এর আগে গতকাল প্রতিষ্ঠানটির সচিব সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ কামাল হোসেন শিকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ফল প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষা গত ২৮ জুন অনুষ্ঠিত হয়। উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরে জানানো হবে।

বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসেবে সনদ পেতে একজন পরীক্ষার্থীকে তিন ধাপে পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। আইনের ওপর স্নাতক উত্তীর্ণের পর রেজিস্ট্রেশন করে এমসিকিউ লিখিত ও ভাইবা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আইনজীবী হিসেবে সনদ লাভ করেন। সনদ লাভের পর সংশ্লিষ্ট আইনজীবী সমিতিতে যোগদানের মধ্য দিয়ে আইন পেশা শুরু করেন তারা। আইনজীবী হিসেবে সনদ লাভের পুরো প্রক্রিয়া সম্পন্ন করে বাংলাদেশ বার কাউন্সিল।


আরো সংবাদ পড়ুন...