বইমেলা শেষে বাড়ি ফেরার পথে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জনপ্রিয় লেখক ও প্রকাশক জনাব মোঃ সাজেদুর রহমান মিরধা উপর একদল দুর্বৃত্তের অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। বিগত ২০২৩ সালের ২৭ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১১টার দিকে এই ঘটনা ঘটে বলে জানা যায়।
ঘটনার বিবরণ দিতে গিয়ে ভুক্তভোগী সাজেদুর জানান, ওই রাতে বইমেলার স্টলের কাজ শেষ করে গাড়িতে করে বাড়ি ফেরার সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ৫ থেকে ৬টি মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা তাঁর গাড়ির পথরোধ করে। এরপর তাকে জোরপূর্বক গাড়ি থেকে নামিয়ে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়।
ঘটনার বিবরণ দিয়ে সাজেদুর রহমান জানান, দুর্বৃত্তদের হামলায় তার হাঁটু ও পিঠে মারাত্মক জখম হয় এবং জামাকাপড় ছিঁড়ে যায়। একপর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে নিকটস্থ একটি ক্লিনিকে ভর্তি করা হয়, যেখানে তিনি তিন দিন চিকিৎসাধীন ছিলেন।
প্রকাশক সাজেদুর রহমান আরও দাবি করেন, বিভিন্ন বিষয়বস্তু নিয়ে কিছুদিন ধরে সিটি কাউন্সিলর এবং বই প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি আরিফ হোসাইন ছোটন এর সাথে বিরোধ চলছিল এবং তাকে বিভিন্ন মাধ্যমে হুমকি দেওয়া হচ্ছিল। উক্ত বিরোধের জের ধরেই এই হামলা চালানো হয়েছে বলে তিনি জানান।
এ বিষয়ে জনাব আরিফকে কয়েকবার ফোন দিলেও তিনি ফোন ধরেননি। সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বিষয়টি তাদের গোচরে এসেছে। তদন্ত করে পরে জানানো হবে।