৩৬ বছরের অপেক্ষা শেষে ২০২২ সালে সিনিয়র বিশ্বকাপে শিরোপা জিতেছিল লিওনেল মেসির আর্জেন্টিনা। এবার অনূর্ধ্ব–২০ দল সামনে এনেছে নতুন আশার আলো। ১৮ বছরের দীর্ঘ প্রতীক্ষার পর আবারও বিশ্বকাপ ফাইনালে উঠেছে আর্জেন্টিনার যুব দল।
আগামীকাল সোমবার (বাংলাদেশ সময় ভোর ৫টা), চিলির সান্তিয়াগোতে ফাইনালে মরক্কোর মুখোমুখি হবে আর্জেন্টিনা। যুব বিশ্বকাপে দু’দলের এটি দ্বিতীয় মুখোমুখি লড়াই। এর আগে ২০১৬ সালে একমাত্র সাক্ষাতে ৩-০ গোলে জিতেছিল আর্জেন্টিনা।
অনূর্ধ্ব–২০ বিশ্বকাপে অন্যতম সফল দল আর্জেন্টিনা। ছয়বার শিরোপা জেতা আলবিসেলেস্তারা সর্বশেষ চ্যাম্পিয়ন হয়েছিল ২০০৭ সালে। এরপর টানা ব্যর্থতা পেরিয়ে আবারও তারা ফাইনালে। এবারের টুর্নামেন্টে টানা ছয় ম্যাচ জিতে দারুণ ফর্মে আছে দলটি। কোয়ার্টার ফাইনালে তারা মেক্সিকোকে ২-০ এবং সেমিফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে হারায়।

অন্যদিকে মরক্কো ইতিহাস গড়েছে। এবারই প্রথমবার যুব বিশ্বকাপে ফাইনালে উঠেছে দলটি। ২০০৫ সালের চতুর্থ স্থানই ছিল তাদের আগের সর্বোচ্চ সাফল্য। তবে এবার শুরু থেকেই দুর্দান্ত পারফরম্যান্সে সবাইকে চমকে দিয়েছে তারা। স্পেন, ব্রাজিল, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র এবং শেষ চারে ফ্রান্সকে হারিয়ে প্রথম ফাইনালে উঠেছে মরক্কো।
আর্জেন্টিনার সেন্টার ফরোয়ার্ড মাহের মাউরিসিও কররিসো বলেন, “ভাগ্যক্রমে আমরা ফাইনালে উঠেছি। এখন আমাদের লক্ষ্য বিশ্বকাপ জেতা। এটা প্রতিটি ফুটবলারের স্বপ্ন।
অপরদিকে মরক্কোর অধিনায়ক হোস্সম্ এ্যাসাডাক জানান, “দেশকে প্রথম কোনো ফিফা ট্রফি উপহার দিতে চাই। এটি আমাদের স্বপ্নের মতো।”

আর্জেন্টিনার এই দলে ১৯ বছর বয়সী সিলভেত্তি ইন্টার মিয়ামিতে খেলেন স্বদেশি মহাতারকা লিওনেল মেসির সতীর্থ হিসেবে। সেমিফাইনালের পর মেসি নিজেই তার এই তরুণ সহখেলোয়াড়কে অভিনন্দন জানিয়েছিলেন। দিয়েগো প্লাসেন্তের অধীনে এই আর্জেন্টিনা দলে সিলভেত্তি এক চমকের নাম। মিয়ামির এই স্ট্রাইকার বেঞ্চ থেকে আসর শুরু করে এখন বিশ্বকাপের বড় তারকা বনে গেছেন। মেসির মতো সিলভেত্তির জন্মও আর্জেন্টিনার রোসারিওতে।
টুর্নামেন্টে সম্ভাব্য ৫৪০ মিনিটের মধ্যে মাত্র ১৪৭ মিনিট খেলার সুযোগ পেয়েছেন তিনি, অর্থাৎ প্রায় দেড় ম্যাচের সমান। তবে, এই অল্প সময়েই তিনি করেছেন তিনটি গোল, যার সবকটি নকআউট পর্বে। একটি অ্যাসিস্টও আছে তার নামের পাশে, ইয়ান সুবিয়াব্রের জন্য কিউবার বিপক্ষে প্রথম ম্যাচে। সেই ম্যাচে ৩-১ ব্যবধানে জয় পায় আর্জেন্টিনা। সেই ম্যাচে সিলভেত্তি শেষ ১০ মিনিটের জন্য বদলি হিসেবে নেমেছিলেন। এখন প্রশ্ন আর্জেন্টিনার ১৮ বছরের খরা দূর করতে পারবে মেসির এই সতীর্থ। আর্জেন্টিনার সপ্তম নাকি মরক্কোর প্রথম শিরোপা সিদ্ধান্ত হবে আগামীকাল ভোরে।