গাজীপুরে ১৫ মার্চ রাত প্রায় সাড়ে ৮ টায় আকন্দ বাড়ি রোডে এফএনএফ গার্মেন্টস এর সত্ত্বাধিকারী মোঃ নজিবুল হক এর উপর নৃশংস সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। ব্যবসায়ী মোঃ নজিবুল হক এবং তার ভাই গার্মেন্টস অফিস থেকে বের হয়ে বাড়ি ফেরার পথে ১০-১২ জন সশস্ত্র ব্যক্তি তাদের গাড়ি ঘিরে ধরে জোরপূর্বক গাড়ি থেকে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত শুরু করে। হামলায় মোঃ নজিবুল হক গুরুতর আহত হন এবং বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা যায়।
এ ঘটনায় ভুক্তভুগীর পরিবার মোঃ নজিবুল হক এর ব্যবসায়িক পার্টনার মোঃ ইউনুস আলীর নির্দেশে তার শ্যালক যুবলীগ নেতা বেলায়েত হোসেন এ ঘটনাটি ঘটিয়েছেন বলে দাবি করা হয়। উল্লেখ যে, মোঃ নজিবুল হক ও মোঃ ইউনুস আলী যৌথ ব্যবসা প্রতিষ্টান এসওয়াই এগ্রো নাম একটি ব্যবসা পরিচালনা করে আসলেও সম্প্রতি তাদের মধ্যে নানান বিষয়ে বিরোধিতা তৈরী হয় বলে জানা যায়। যার প্রেক্ষিতেই এই হামলা বলে জানান ভুক্তভোগীর ছোট ভাই আনিসুল হক।
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, “আমি তখন আকন্দ বাড়ি রোড দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ দেখি একদল ব্যক্তি গাড়ি ঘিরে ধরেছে। তারা জোরপূর্বক দুইজনকে গাড়ি থেকে নামাচ্ছিল এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করছিল। আমরা কাছে গিয়ে আমরা জনাব নজিবুলকে চিনতে পারি।” অন্য একজন মুদি দোকানদার বলেন, “আমরা আমাদের দোকান থেকে দেখছিলাম, তারা নজিবুল ও তার ভাইকে মারধর করছিল। দুজনেই গুরুতর আহত হয়েছে। আশেপাশের লোকজন এগিয়ে না আসলে তারা প্রাণে মারা যেতে পারতেন।”
ভোক্তভোগীর স্ত্রী ফোরখান্দ হক বলেন, তার স্বামীর উপর নানান ভাবে হুমকি ও নির্যাতন করে আসছিলো ইউনুস আলী ও তার শ্যালক বেলায়েত। পুলিশের কাছে জিডি এবং সাহায্য চেয়েও আমরা কোনো প্রতিকার পাইনি।
এ ব্যাপারে ইউনুস আলী ও জনাব বেলায়েত এর ফোন একাধিকবার ফোন দিলেও ফোনে পাওয়া যায়নি।
এ ঘটনার ব্যাপারে নিকটস্থ থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি তারা জানতে পেরেছেন তবে এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।