বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

কুলাউড়ায় স্থানীয় পত্রিকার সাংবাদিক নির্মম হামলায় গুরুতর আহত

মোমিনুল ইসলাম, মৌলভীবাজার: / ৯৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩

মৌলভীবাজারের কুলাউড়ায় এক স্থানীয় পত্রিকার সাংবাদিক নির্মম হামলায় গুরুতর আহত হয়েছেন। আহত ওই সাংবাদিক হলেন কুলাউড়া ভিত্তিক পত্রিকা “দ্য ডেইলি সকালের ডাক”-এর প্রতিবেদক আব্দুল হামিদ খান।
শুক্রবার রাত আনুমানিক ১০.৩০ মিনিটে মোটরসাইকেল যোগে উক্ত সাংবাদিক কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে একটি জিপ গাড়ি পিছন থেকে ধাক্কা দেয় বলে এক প্রত্যক্ষদর্শী কাছ থেকে জানা যায়, ফলে তিনি গুরুতরভাবে মাথা, ঘাড় ও বুকে আঘাত পান।

তার বর্ণনামতে জিপ গাড়িটি স্হানীয় প্রতাপশালী নেতা সাইফুল মিয়ার ছেলে কিশোর গ্যাংয়ের সদস্য মারজান ইসলামের বলে প্রতিয়মান হয় যদিও স্হানীয়রা এ বিষয়ে সারসরি মুখ খুলছে না।

“আব্দুল হামিদের চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে তাঁকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়,” বলেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ইয়ারদোস হাসান।

তিনি আরও জানান, “হামিদ বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।”

আব্দুল হামিদের পরিবার জানান, গত কয়েকদিন ধরে স্থানীয় আওয়ামী সন্ত্রাসীরা তাকে হুমকি দিয়ে আসছিলেন যাতে তিনি এক দাপুটে প্রতাপশালী নেতা সাইফুল মিয়া, তার আত্মীয়-স্বজন ও তার অনুসারীদের বিরুদ্ধে কোনো প্রতিবেদন না প্রকাশ করেন।

হামিদ তার প্রতিবেদনে আওয়ামী লীগ নেতা সাইফুল মিয়া এবং তার সন্ত্রাসী বাহিনীর দ্বারা ভূমি দখল, বাজার দখল, চাঁদাবাজি, সাধারণ মানুষকে শারীরিক নির্যাতন, শিশুদের ওপর হামলা ইত্যাদি বিষয়ে প্রতিবাদ জানিয়েছিলেন। তার সর্বশেষ রিপোর্টে এক করুণ বাচ্চার নির্মম নির্যাতন ও নিপীড়নের ঘটনাও ফুটে উঠেছিল।

এই নির্মম হামলার ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। বিভিন্ন স্তরের সাংবাদিকরা দ্রুত বিচার এবং দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।


আরো সংবাদ পড়ুন...